সরকার রাষ্ট্র পরিচালনায় সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার চোখের সামনে এখনো ’৭৪ সাল ভাসছে। আজকে আমার কাছে মনে হয়, সেই একই পদধ্বনি আমি শুনতে পাচ্ছি। এখন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। চালের দাম এক দিনে পাঁচ টাকা বেড়েছে! সরকার রাষ্ট্র পরিচালনায় সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনই সময়, আপনারা পদত্যাগ করুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে করে এদেশের মানুষ নির্ভয়ে-নির্বিঘ্নে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। তারা তাদের পছন্দ মতো প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারে। এটাই এখন একমাত্র সময়ের দাবি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের নিচতলায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, অ্যাডভোকেট আহমদ আযম খান, এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম।

তিনি বলেন, জামিনে যদি খালেদা জিয়ার মুক্তি না হয়, তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাজপথে তার মুক্তি নিশ্চিত করতে হবে। আর দেশের মানুষ প্রস্তুত ও তৈরি আছে। তারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কী ধরনের কর্মসূচি দেই।