নিষেধাজ্ঞা অমান্য

গাজীপুরে ব্যাটারিচালিত ইজিবাইক অটোরিকশা চলছে অবাধে

গাজীপুর মহানগরীর প্রধান প্রধান সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও এ নিষেধাজ্ঞা কেউ মানছে না। বর্তমানে নগরীর সবগুলো সড়কেই অবাধে এসব যানবাহন চলাচল করছে। ফলে শহরে যানজটের কবলে পড়ে নাকাল হতে হচ্ছে নাগরিকদের।

গত ১৫ সেপ্টেম্বর থেকে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জেলা শহরের প্রধান প্রধান সড়কসহ মহাসড়কে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞার কারণে এসব সড়ক মহাসড়কে ইজিবাইক ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। লিংকরোডসহ অভ্যন্তরীণ সড়কে এসব যানবাহন চলাচল অব্যাহত থাকে। প্রধান এ সড়কটিতে ইজিবাইক ও অটোরিকশা চলাচল বন্ধ থাকায় শহরের যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মাসখানেক এ নিষেধাজ্ঞা মান্য করা হলেও ইদানিং কোনো ইজিবাইক বা অটোরিকশা চালক এ নিষেধাজ্ঞা মানছে না। বেশ কিছুদিন ধরেই শহরের প্রধান সড়ক দিয়ে অবাধে এসব যানবাহন চলাচল করছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও পুলিশের শিথিলতার কারণেই এমনটি হচ্ছে বলে মনে করছেন অনেকেই। শহরে আবার ভয়াবহ আকারে দেখা দিচ্ছে যানজট। গত কয়েকদিন পরিবহন ধর্মঘটের কারণে সড়ক-মহাসড়কে এসব যানবাহনের আধিক্য বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে চান্দনা-চৌরাস্তা থেকে শিববাড়ী মোড় হয়ে জোরপুকুর পর্যন্ত এ চিত্র প্রকট হয়ে দেখা দিয়েছে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইজিবাইক ও অটোরিকশা ঝুঁকিপূর্ণ যানবাহন হওয়ায় আইনেই এগুলো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তাই এসব যানবাহন চলাচল বন্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে। নতুন সড়ক পরিবহন আইন বলবত্ হওয়ায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা প্রশমিত হলেই এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর এসব যানবাহন যারা তৈরি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।