সোনারগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একটি জাহাজ নির্মাণ কারখানার ম্যানেজারের মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বৈদ্যের বাজারে অবস্থিত আল মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামক জাহাজ ও বাল্কহেড নির্মাণ কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বুলবুল খান (৩৮) সাফা এন্টারপ্রাইজ নামক একটি বাল্কহেড নির্মাণ কারখানার ম্যানেজারের দায়িত্ব পালন ছাড়াও মেরিন শিপ বিল্ডার্স শিপইয়ার্ডে বিভিন্ন জাহাজ ও বাল্কহেড নির্মাণ কাজেরও তদারকি করতেন। নিহত বুলবুল উপজেলার সনমান্দি গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে। তার দুটি মেয়ে রয়েছে।
সাফা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানা জানান, গতকাল বাল্কহেড নির্মাণ কাজ পরিচালনার জন্য বুলবুল খান বৈদ্যেরবাজারে উপস্থিত হন। বিদ্যুত্ লাইনে সংযোগ না থাকার কারণে কাজে ব্যাঘাত ঘটছিল। পরে বুলবুল ইউরো মেরিন শিপ বিল্ডার্সের লাইনম্যানকে বিষয়টি জানান। লাইনম্যান বুলবুলের কাছ থেকে লাইন ঠিক করার জন্য ১০০০ টাকা দাবি করেন। বুলবুল লাইনম্যানকে টাকা না দিয়ে মেইন লাইন বন্ধ করতে বলে তার নির্মাণাধীন বাল্ক হেডের সামনে চলে যান। সেখানে যাওয়ার পরপরই ত্রুটিপূর্ণ বিদ্যুত্ লাইনে বিদ্যুত্ষ্পৃষ্ট হয়ে বুলবুল মাটিতে পড়ে যান। পরে এলাকার লোকজন বুলবুলকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বৈদ্যেরবাজার এলাকাবাসী জানান, বাল্কহেড ও জাহাজ নির্মাণ করার জন্য যে নিরাপত্তা, সঠিক বিদ্যুত্ ব্যবস্থা ও প্রশস্ত জায়গা থাকার কথা তা নেই। অনেকগুলো জাহাজ ও বাল্কহেড একত্রে নির্মাণ করার ফলে যত্রতত্র বিদ্যুতের তার মাটিতে পড়ে আছে এবং তারগুলো বিভিন্ন জাহাজের সঙ্গে লেগে আছে। এতে করে কোনো কারণে তার লিক করলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় সেখানে কর্মরত শ্রমিকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।