>> রুদ্র আজাদ
গ্রামের মানুষের বেড়ে ওঠা অনেকটা অনাদরে বলা যায়। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ সঠিক স্বাস্থ্যসেবা না পাওয়ার কারণে প্রতিনিয়ত মুখোমুখি হয় নানা রোগের। আর গ্রামীণ জনপদের জন্য এই সমস্যা আরও প্রকট তবে এসব সমস্যা থেকে মুক্ত করতে একদল তরুণ উদ্যোক্তা উদ্ভাবন করেছেন ‘সেবা প্রকল্প’। এটি এমন একটি উদ্যোগ যা আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন গ্রামীণ জনগণের কাছে স্বাস্থ্যসেবামূলক পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে। সেবা প্রকল্পের মূল শক্তি হলো সৌরশক্তি চালিত ‘সেবা ভ্যান’। সম্প্রতি (১ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ‘হাল্ট প্রাইজ’-এর অন-ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি দল ‘অ্যালকেমিস্ট’ আগামীর পৃথিবী সুন্দর করার প্রত্যয়ে এমন একটি প্রকল্প তুলে ধরে। এ প্রকল্প উপস্থাপনের মাধ্যমে ‘হাল্ট প্রাইজ অ্যাট জাহাঙ্গীরনগর’-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম অ্যালকেমিস্ট। প্রকল্প উদ্ভাবকদলের সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তাশরিফ মাহমুদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুজহাত নাঈমা ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আনোয়ার। এ ছাড়া প্রতিযোগিতায় রানার্সআপ হয় টিম ‘ডাম্বেলডর’। এই দলের সদস্যরা হলেন মুহাম্মদ ফারহান রহমান, সাবিহা সাজু ইবনে আবেদীন, আফিয়া ওয়াসিমা ঐশী।
সেমিফাইনাল রাউন্ড দিয়ে হাল্ট প্রাইজ অ্যাট জাহাঙ্গীরনগর-এর অন-ক্যাম্পাস রাউন্ডের পর্দা ওঠে। অনলাইন রাউন্ডে মোট ৩৯৫টি টিম অংশগ্রহণ করে। চার রাউন্ড প্রতিযোগিতার মধ্য দিয়ে ৭টি দল ফাইনালে আইডিয়া শেয়ার করার সুযোগ পায়। সেরা ৭টি টিম ফাইনালে অংশগ্রহণ করে বেকারত্ব সমস্যা সমাধান করে একটা বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে সেবা ভ্যান, কুটির শিল্প রপ্তানির ব্যবস্থা, ব্যবহারিক শিক্ষা, গ্রিনলেন, ব্যবহূত পানি পুনর্ব্যবহারযোগ্য করা, কলা গাছ থেকে কাগজ তৈরি করাসহ বিভিন্ন সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন।
হাল্ট প্রাইজ অ্যাট জাহাঙ্গীরনগর-এর গ্রান্ড ফাইনালের বিচারকের দায়িত্বে ছিলেন বিএডিসির চিফ ইঞ্জিনিয়ার লুত্ফর রহমান, ট্রাস্ট ব্যাংকের নির্বাহী সহকারী পরিচালক তৌফিক এলাহী চৌধুরী, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের হেড অব মার্কেটিং রুবাইয়াত সালেহীন, পারমিদার প্রধান আবু দারদা ও রবি এক্সিয়াটা লি. জেনারেল ম্যানেজার কানিজ ফাতেমা। ‘হাল্ট প্রাইজ’ হলো এমন এক ইনকিউবেটর প্রোগ্রাম, যা মূলত তরুণদেরকে তাদের মেধা-মনন ব্যবহার করে সামাজিক বিজনেস প্ল্যান প্রদান করার মাধ্যমে নতুন এক পৃথিবীর দিকে ধাবিত করতে উত্সাহিত করে। হাল্ট প্রাইজ অ্যাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে ছিল অগ্রণী ব্যাংক লিমিটেড, ইউএস বাংলা এয়ারলাইন্স, পারমিদা। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক ইত্তেফাক।