ফিলিস্তিনের ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

ফিলিস্তিনের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এই অবস্থানের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ ও অন্যান্য প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের অখণ্ডতার প্রতি বাংলাদেশ সমর্থন ব্যক্ত করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) নিশ্চিত করেছে যে, অধিকৃত ফিলিস্তিনের এলাকাগুলোতে ইসরাইলি বসতি নির্মাণ ও সম্প্রসারণ কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। এ বিষয়ে বাংলাদেশের দ্বিধা নেই যে, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি দখল কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনি। ফিলিস্তিনীদের প্রতি সমর্থন ব্যক্ত করে ইসরাইলকে এ বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঘোষণা করেন যে,  এখন  থেকে পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বকে আর অবৈধ বলে বিবেচনা করবে না যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা চলছে।