তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রস্তাবিত ‘সম্প্রচার আইন’ ব্রডকাস্ট মিডিয়ার সাংবাদিক ও কর্মীদের আইনি সুরক্ষা দেবে। তিনি গতকাল বৃহস্পতিবার তেজগাঁয়ে বেঙ্গল মিডিয়া স্টুডিওতে এক সেমিনারে বক্তৃতাকালে বলেন, ‘আসুন আমরা টেলিভিশন শিল্পকে রক্ষার জন্য একসঙ্গে কাজ করি। এই সম্প্রচার আইন পাস হলে আইনি সুরক্ষা নিশ্চিত হবে।’ বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষ্যে ব্রডকাস্ট মিডিয়া সেন্টার (বিজেসি) এবং বেসরকারি চ্যানেল আরটিভি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সরকার ব্রডকাস্ট মিডিয়ার সাংবাদিকদের চাকরির নিরাপত্তা এবং তাদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের গণমাধ্যম সেক্টরে এক বিরাট বিপ্লব ঘটে গেছে। হাছান মাহমুদ বলেন, এই শিল্পের বিকাশের পাশাপাশি বিজ্ঞাপন ও এর হার কমে যাওয়াসহ কিছু সমস্যাও দেখা দিয়েছে। তিনি বলেন, ইলেকট্রোনিক মিডিয়ার টিকে থাকার জন্য এখন সম্মিলিত প্রয়াস প্রয়োজন। তথ্যমন্ত্রী বলেন, ‘এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে সাংবাদিকদের কল্যাণের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বিজেসির কোষাধ্যক্ষ মোজাম্মেল বাবু, বিজেসির সভাপতি রেজওয়ানুল হক রাজা ও সিনিয়র সাংবাদিক নইম নিজাম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ জেড এম শফিউল আলম ভুঁইয়া।