সামপ্রতিক দিনগুলিতে শত শত ইসলামিক স্টেট জঙ্গি আত্মসমর্পণ করেছে, যা আফগান সেনাবাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট রেহান খান দাবি করেছেন, আরও ৮৬ আইএস জঙ্গি, যাদের সবাই পাকিস্তানি, গত ১৬ নভেম্বর আফগান সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ৩৬ জন নারী। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক হাজার ইসলামিক স্টেটের যোদ্ধা সরকারী বাহিনীর পৃথক অভিযানের পরে আত্মসমর্পণ করেছে।
আফগানিস্তানের নাগারহার প্রদেশের গভর্নর শাহ মাহমুদ মিয়াখেল জানিয়েছেন, গত দুই সপ্তাহের মধ্যে ২৪৩ আইএসআইএস যোদ্ধা এবং তাদের পরিবারের অন্তত ৪০০ সদস্য আত্মসমর্পণ করেছে। অন্তত ২ হাজার আইএস যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্য আত্মসমর্পণ করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবারও ৮৮ আইএস যোদ্ধা নাগারহারের অচিন জেলায় আফগান প্রতিরক্ষা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তাদের সাথে ৫১ জন মহিলা ও ৯৯জন শিশু ছিল। এই জেলার সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডার কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, বুধবার ‘কমপক্ষে ৩০০’ দায়েশ সদস্য, মহিলা ও শিশু সহ আফগানিস্তান স্পেশাল ফোর্সের কাছে আত্মসমর্পণ করেছিলেন।
শাহ মাহমুদ মিয়াখেল জানান, মার্কিন বাহিনীর সহাায়তায় তাদের বাহিনী নাগারহারে তাদের রসদ সরবরাহের লাইন বিচ্ছিন্ন করে আইএসআইএস যোদ্ধাদের দুর্বল করে ফেলেছিল।
নর্দার্ন প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, আত্মসমর্পণ করা যোদ্ধাদের বিচার বিভাগের মাধ্যমে তদন্ত করা হবে এবং অন্যদের তাদের স্বাভাবিক জীবন শুরু করার জন্য বিনা অভিযোগে মুক্তি দেয়া হবে। আর পাকিস্তান ও অন্যান্য দেশ থেকে আসা যোদ্ধাদের জিজ্ঞাসাবাদের জন্য কাবুল পাঠানো হবে।