মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন শুনানিতে ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রাষ্ট্রদূত গর্ডন সোন্দল্যান্ডের পর এই প্রক্রিয়া শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট। এক টুইটবার্তায় তিনি বলেছেন, ‘অভিশংসনের শুদ্ধি অভিযান আসলে শেষ।’ তবে শুনানি শেষ বললেও গতকাল বৃহস্পতিবার পঞ্চম দিনের শুনানিতে আরো দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের একটি ফোনালাপ ফাঁস হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ঝড় ওঠে। ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিচ্ছেন ট্রাম্প।ঐ ফোনকলের অনুলিপিও গোপন করতে চেয়েছিল হোয়াইট হাউজ। তবে শেষ পর্যন্ত ঐ প্রচেষ্টা ব্যর্থ হয়।
ঐ ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। তাকে পদ থেকে সরাতে তদন্ত শুরু করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। তবে এই তদন্তকে ন্যক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। বুধবার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য দেন সোন্দল্যান্ড। তিনি বলেন, প্রেসিডেন্টের নির্দেশেই তিনি ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছেন। সোন্দল্যান্ড একজন ধনী ব্যবসায়ী ও ট্রাম্পের সমর্থক।। প্রতিনিধি পরিষদের কমিটির সামনে শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ইউক্রেনকে সহায়তার ব্যাপারে অবগত ছিলেন ও তিনি পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি ট্রাম্পের নির্দেশেই তার ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানির সঙ্গে ইউক্রেনের বিষয়ে কাজ করেছিলেন।