নন্দীগ্রামে চালের বয়াম ভাঙায় মায়ের কথামতো স্ত্রীকে (২২) ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে স্বামী মোরশেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার গৃহবধূর মা মনজু আরা জানান, খবর পেয়ে মেয়ের বাড়িতে আসি। এসে দেখি মেয়ে ন্যাড়া এবং আহাজারি করে জানায়, চালের বয়াম ভাঙার কারণে তার শাশুড়ির কথামতো স্বামী তাকে ন্যাড়া করে দিয়েছে। তিনি আরো জানান, ১০ মাস আগে মোরশেদুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাই যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করত। জামাইকে ফোন দিলে সে বলত, আমার সঙ্গে কথা বললে প্রতি কথায় ১০ হাজার টাকা দিতে হবে।
এদিকে নির্যাতনের শিকার ঐ গৃহবধূর স্বামী মোরশেদুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্ত্রী যেন কোথাও যেতে না পারে এবং বাধ্য থাকে এ কারণেই তাকে ন্যাড়া করে দিয়েছি।’
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মোরশেদুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।