সিরাজগঞ্জের কাজিপুরে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ আরো আট যুবক বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
মৃতরা হলেন:কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে গোলাম রব্বানী ওরফে সাদ্দাম ও একই গ্রামের কোরবান আলীর ছেলে রাসেল। উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ দুই যুবক মদপান (অ্যালকোহল স্পিড) করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের রাত ১১টা ৩৫ মিনিটে কাজিপুর হাসপাতালে ভর্তি করেন। পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুত্ফর রহমান বলেন, দুপুরে বিয়াড়া গ্রামের বিয়ের অনুষ্ঠানে ১০/১২ জন যুবকও খাবার খান। রাতে তারা বাড়ি ফিরে বমি করতে থাকেন। পরে তাদের কাজিপুর হাসপাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সাদ্দাম ও রাসেলের মৃত্যু হয়। বাকি আটজন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাজিপুর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, খাদ্যে বিষক্রিয়া নাকি মদপানে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে হাসপাতালের মৃত্যু সনদে মদপানে (অ্যালকোহল স্পিড) লেখা রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।