‘সিলেটে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কর আদায় হয়েছে’

সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলায় ৪৫ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৪২ টাকা আদায় হয়েছে। এ সময় রিটার্ন দাখিল করেছেন ২০ হাজার ২৫৪ জন। সেবা নিয়েছেন ৩৮ হাজার ৬৩১ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ১ হাজার ৮৬৩ জন।

নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মেলা শেষ হয় বুধবার রাতে।

মেলার সমাপনী বক্তব্যে সিলেট কর অঞ্চলের কর কমিশনার রণজিত্ কুমার সাহা বলেন, কেবল মেলায় গত বছরের চেয়ে এবার ১ হাজার ২০৫ জন বেশি নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন। তিনি বলেন, ৪ হাজার ৯২২ জনেও বেশি কর সেবা নিয়েছেন। এবারের মেলায় আগের বছরের তুলনায় ৪ হাজার ৯২৫ জন বেশি রিটার্ন দাখিল করেছেন এবং ১ কোটি ৩ লাখ টাকা বেশি কর আদায় হয়েছে উল্লেখ করে কর কমিশনার বলেন, সিলেটে ৪০ হাজার নতুন করদাতা সৃষ্টির লক্ষ্যে সিলেট কর অঞ্চল কাজ করে যাচ্ছে।  গত বৃহস্পতিবার থেকে বিভাগের নয়টি স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।