ভারতের ২১ বছরের তরুণ মায়াঙ্ক প্রতাপ সিংহ এখন দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ বিচারপতি। জয়পুরের বাসিন্দা এই তরুণ রাজস্থান জুডিশিয়াল সার্ভিসেস-২০১৮ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ ইতিহাস গড়েছেন।
বৃহস্পতিবার এএনআইকে তিনি বলেন, “সমাজে একজন বিচারপতির কাজ যতটা গুরুত্বপূর্ণ এবং তিনি যতখানি সম্মান পান তা সবসময় আমাকে আকৃষ্ট করেছে। আমি ২০১৪ সালে রাজস্থান ইউনিভার্সিটিতে পাঁচ বছরের এলএলবি কোর্সে ভর্তি হই। এ বছর আমার কোর্স শেষ হয়েছে। “প্রথমবার চেষ্টাতেই বিচারপতি হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমি আমার পরিবার, শিক্ষক ও শুভার্থীদের ধন্যবাদ জানাতে চাই।” ভারতে এর আগে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম বয়স ছিল ২৩ বছর। এ বছর রাজস্থান হাইকোর্ট তা কমিয়ে ২১ বছর করে।