সিরিয়ায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে প্রতিদিনই দেশটিতে কোনো না কোনো পক্ষের হামলায় শিশু নিহত হওয়ার খবর পাওয়া যায়। গত বুধবার বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে প্রকাশিত প্রতিবেদনে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন এই হিসাব দিয়েছে।
দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইট তারা ঐ প্রতিবেদনে বলছে, সিরিয়া সরকার ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২২ হাজার ৭৫৩ জন শিশু নিহত হয়েছে। এর মধ্যে ১৮৬ শিশু সরকারের রাসায়নিক হামলায় এবং ৩০৫ শিশু অপুষ্টি ও ওষুধ স্বল্পতায় মারা গেছে। মানবাধিকার সংস্থাটি বলছে, রাশিয়া সিরিয়ায় সামরিক অভিযান শুরু করার পর রুশ সেনাদের হামলায় এক হাজার ৯২৮ শিশু নিহত হয়েছে। এছাড়া সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় ৯৮৪, জঙ্গিগোষ্ঠী আইএসের হাতে ৯৫৬ মার্কিন সামরিক জোটের হামলায় ৯২৪ ও কুর্দি যোদ্ধাদের হামলায় ২১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের
সিরিয়া যুদ্ধে প্রায় ত্রিশ হাজারের মতো শিশু নিহত হওয়া ছাড়াও পাঁচ হাজার ৩৪ জন শিশু এখনো আটক রয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ওই যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি। এসব শিশুর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর কাছে তিন হাজার ৬১৮ এবং কুর্দি বাহিনীর হাতে ৭২২ ও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে ৩২৬ শিশু আটক আছে।
জাতিসংঘ বলেছে, যুদ্ধের কারণে সিরিয়ায় চার লাখ মানুষ এমনভাবে অবরুদ্ধ হয়ে আছে যে তাদের কাছে কোনো ধরনের মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত সিরিয়া যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত প্রায় এক কোটি মানুষ।