নতুন সড়ক আইনের বিরোধিতা করে কর্মবিরতির ফলে কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গণপরিবহন চলাচল সীমিত ছিল। পরিবহন শ্রমিক ও মালিকদের হঠাত্ এমন কর্মসূচিতে ঘর থেকে বের হয়ে চরম বিপাকে পড়তে হয় মানুষকে। তবে প্রায় পাঁচ দিন পর গতকাল শুক্রবার থেকে সড়কে বাস চলাচল অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। আগের অবস্থায় ফিরছে রাজধানীর সড়কগুলোর চিত্র। তবে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ রাজধানীতে কিছুটা কম ছিল।
বুধবার গভীর রাতে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সারাদেশে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বৃহস্পতিবার ঢাকার সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা কম ছিল। একই অবস্থা ছিল ঢাকা থেকে কয়েকটি রুটে দূরপাল্লার বাসের ক্ষেত্রেও।
নগরীর সায়েদাবাদ, মহাখালী, মিরপুর, গাবতলী, কল্যাণপুর শ্যামলী, কলেজগেট এলাকা ঘুরে দেখা গেছে, চলাচল করছে বিভিন্ন রুটের গণপরিবহন। চলছে ট্রাক-কাভার্ড ভ্যানও। গাবতলী, মহাখালীতে এসছে সব জেলার যাত্রীবাহী বাস। আন্তঃজেলার যাত্রীবাহী বাসও ঢুকছে রাজধানীতে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সালাহ উদ্দিন বলেন, বাস চলাচল এখন স্বাভাবিক। কোনো রুটে বাস চলাচলে কোনো সমস্যা নেই।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মুকবুল হোসেন বলেন, আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ট্রাক-কাভার্ড ভ্যান আগের মতোই স্বাভাবিকভাবে চলছে। বেনাপোল ও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ট্রাক-কাভার্ড ভ্যান গন্তব্যে ফিরেছে। মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি হাজি আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রাত থেকেই মহাখালী বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। সায়েদাবাদ আন্তঃজেলা বাস-মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, সায়েদাবাদ থেকে সব রুটে পরিবহন ছেড়ে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) প্রবীর কুমার দাস বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক। টানা পাঁচ দিন ধর্মঘটের পর নওগাঁ থেকে ঢাকা রুটে বাস চলাচল শুরু হলেও অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে। পাশাপাশি এখনও বন্ধ রয়েছে ট্রাক-ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান চলাচল।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, দেশের অনেক জেলায় বাস চলাচল শুরু হয়েছে। কিন্তু নওগাঁয় এখনও শুরু হয়নি। শ্রমিকরা যদি বাস না চালায়, তাহলে আমরা তো তাদের জোর করতে পারি না।
শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে শেরপুরে বাসচালক ও শ্রমিকদের চলা অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে বাস চলাচল শুরু হয়েছে। অন্যদিকে, পাঁচ দিন পর গতকাল খুলনাতেও বাস চলাচল শুরু হয়েছে। ফলে যাত্রীরা স্বস্তি ফিরে পেয়েছেন। আর যশোর সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর জানান, শুক্রবার সকাল থেকে তারাও গাড়ি চালানো শুরু করেছেন।
গাবতলীতে জাতীয় সড়ক পরিবহন মোটর শ্রমিক ফেডারেশন কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোস্তাকুর রহমান পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, পরিবহন শ্রমিকরাও সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন চান। তবে এতে পরিবহন শ্রমিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নামে পরিবহন খাতে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। চাঁদাবাজির সুযোগ রাখতেই এটা করা হচ্ছে। মালিক শ্রমিক ঐক্য পরিষদের নামে তারা ২০০৩ সাল থেকে ব্যাপক চাঁদাবাজি করছে। সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করতে হলে দুর্নীতিবাজ এসব নেতাকে শাস্তির আওতায় আনতে হবে। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার পর পরই অঘোষিতভাবে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।