১০ দিনের মধ্যে পেঁয়াজের দর স্বাভাবিক হবে ---------- বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজের দাম বেশি হওয়ার পেছনে কিছু ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ী দায়ী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বর্তমানে আমদানি করা পেঁয়াজের দাম ১২০ টাকার বেশি হওয়ার কথা নয়। আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়ে তিনি বলেন, যত ক্ষতি হোক সরকার দেবে। মানুষ প্লেনে চড়তে পারে না। আমরা প্লেনে করে পেঁয়াজ নিয়ে আসছি। গত তিন দিন ধরে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ টন পেঁয়াজ দেশে আসছে। আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উত্পাদন হয়, পচে যাওয়ার পরও থাকে ১৮ লাখ টন। বাকি ৭ থেকে ৮ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানি শুরু হয় সেপ্টেম্বর থেকে। চার মাস মূলত পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানির বেশির ভাগই আসে ভারত থেকে। সেপ্টেম্বরের শেষ দিকে ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বিভিন্ন দেশ থেকে আমদানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ, গার্মেন্টস উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।