তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। তাদের জীবনমান উন্নয়নের সঙ্গে চাকরির স্থায়িত্ব ও আইনি সুরক্ষা দেওয়া হবে। গণমাধ্যম কর্মীদের জন্য সম্প্রচার নীতিমালা হয়েছে। এ নীতিমালার আওতায় কীভাবে তাদের আইনী সুরক্ষা দেওয়া যায় সে জন্য কাজ করছে সরকার। তিনি গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে ‘বিশ্ব টেলিভিশন দিবস’ উপলক্ষ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমবান্ধব। বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছিলেন তিনিই। যারা ওয়েজবোর্ডের মাধ্যমে প্রিন্ট মাধ্যমে কাজ করেন, তাদের জন্য আইনি সুরক্ষা আছে। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে আইনি সুরক্ষা এখন পর্যন্ত নেই। আমরা সেটি নিয়ে কাজ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিক আহামদ সজীব।