চবি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেটিকে প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে। পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে আমার যাবার সৌভাগ্য হয়েছে। কিন্তু এমন সুন্দর প্রকৃতির শোভা পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয়ে আছে। প্রকৃতি যেন নিজের কোলে লালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে—এমন ভাবেই স্মৃতিচারণ করেছেন চবির সাবেক ছাত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী একথা বলেন। চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালামনাইয়ের এই মিলনমেলার মতো ভবিষ্যতে যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চত্বরে মিলনমেলা করা হয় এমন আশাবাদ ব্যক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চেনা মুখগুলো বহু বছর দেখিনি, তাদের সঙ্গে দেখা হলো আজ।

সরকারের সাবেক মুখ্য সচিব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে এবং পুনর্মিলনী উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, বিদ্যুত্ সচিব আহমেদ কায়কাউজ রানা, সাবেক অর্থসচিব মোসলেম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেমউদ্দীন আহমেদ, চাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি মাজাহারুল হক শাহ চৌধুরী, সাবেক ভিপি নাজিমউদ্দিন, সাবেক সচিব ও অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোরশেদুল আলম।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ছাড়াও প্রাক্তন চার উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক ড. এম বদিউল আলম, অধ্যাপক ড. মো. আলাউদ্দিন ও অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।