লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বিশ্বনাথের হিরন আলীর

লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত সিলেটের বিশ্বনাথের কৃতী সন্তান হিরন আলী অবশেষে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় লন্ডনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছিলেন। হিরন আলী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উজান মসলা বৈদ্যকাপন গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।  

জানা গেছে, গত মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হিরন মিয়ার নেলসন স্ট্রিটে নিজ ঘরের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় রয়েল হসপিটালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

হিরন আলীর চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, সন্তানদের জন্য খাবার আনতে হিরন আলী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় (লন্ডন সময়) ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।