খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা

মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারদের শুক্রবার তেজগাঁওয়ের বিএএফ ফ্যালকন হলে সংবর্ধনা প্রদান করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। সশস্ত্র বাহিনী দিবস-২০১৯ উপলক্ষ্যে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ‘কিলো ফ্লাইট’-এর অসামরিক বৈমানিকদেরও সংবর্ধনা প্রদান করা হয়। বিমান বাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। মোট ২৮ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের কথা জাতি কখনো ভুলবে না।