কাফেরদের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে ........পিরসাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আল্লামা মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করীম পিরসাহেব চরমোনাই বলেছেন, কাফের ও নাস্তিকদের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে। সমাজে একশ্রেণির লোক আছে যারা আল্লাহকে ভুলে কাফের ও নাস্তিকদের প্রশংসা করে। তাদের আখেরাতে এর কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী জীবন হচ্ছে আখেরাত। তিনি বলেন, আজ আল্লাহর নীতি আদর্শের কাছে আমরা পরাজিত। হিংসা মানুষদের অধপতন ঘটায়। বর্তমানে একশ্রেণির আলেম-ওলামা রয়েছেন যারা বেপর্দায় থেকে রাজনীতি করে তাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তিনি বৃহস্পতিবার রাতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে কারিমিয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক তাফসিরুল  কোরআন মাহফিলের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইঞ্জিনিয়ার মো. আহসান উল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওমুসলিম মাওলানা ডা. মু. সিরাজুল ইসলাম সিরাজী। তাফসির পেশ করেন পিরসাহেব কারিমপুর আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা মো. আ. হাই নেছারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মু. হাছিবুর রহমান মাদানী, মাওলানা মু. এমদদুল্লাহ আরেফী, মাওলানা মু. জালাল উদ্দীন ওসমানী, মাওলানা মুফতি মু. নুরুল আমীন, হাফেজ কারি ইব্রাহিম আল হাদী, মাওলানা মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ।