নিতাইগঞ্জে দিনে ট্রাকে পণ্য ওঠানামা চলছেই

নিতাইগঞ্জে দিনের বেলা বঙ্গবন্ধু সড়কে ট্রাক রেখে মালামাল লোড-আনলোডের কাজ এখনো চলছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। আর এ যানজটে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।

জানা যায়, নিতাইগঞ্জ বঙ্গবন্ধু সড়কে দিনের বেলায় ট্রাকে মালামাল লোড-আনলোডের সময় সৃষ্ট যানজটের বিষয়টি সমাধানের জন্য মাস ছয়েক আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও সাবেক জেলা প্রশাসক রাব্বী মিয়ার মধ্যে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, দিনের বেলায় কোনো ট্রাক মালামাল লোড-আনলোডের জন্য মন্ডলপাড়া ও নিতাইগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকতে পারবে না। তবে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত মালামাল লোড-আনলোড করতে পারবে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে খালঘাটে দিনেও পণ্য লোড-আনলোড করার অনুমতি দেওয়া হয়। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। শহরের ভিক্টোরিয়া হাসপাতালের সামনে, পাশাপাশি দুইটি ট্রাক থামিয়ে পণ্য আনলোড করা হচ্ছে। এতে মূল সড়কের জায়গা সংকুচিত হয়ে যাওয়ায় সেখানে রিকশা, প্রাইভেট কার, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চলাচল বিঘ্নিত হচ্ছে। হাসপাতালে চিকিত্সা নিতে আসা আরিফুল ইসলাম বলেন, এই ট্রাকগুলোর কারণে এখানে রিকশার মধ্যে প্রায় ১৫ মিনিট বসেছিলাম। দিনের বেলা যদি রাস্তায় এভাবে ট্রাক রাখা হয় তাহলে সাধারণ মানুষতো বিপদে পড়বেই।

নিতাইগঞ্জ চার রাস্তার মোড় থেকে সিটি করপোরেশনের গেট পর্যন্তও দেখা যায় সারিবদ্ধভাবে রাস্তার দুই পাশে বেশ কয়েকটি অবৈধ ট্রাকের স্ট্যান্ড। আর এর পাশেই রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদা তুলছে ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রাক চালক বলেন, এরা সব সময়ই রাস্তায় ট্রাক থামিয়ে আমাদের কাছ থেকে চাঁদা তোলে। না দিলে গাড়ি আটকে রাখে। বিষয়টি স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি খোরশেদ আলম বলেন, আসলে আমরা আমাদের লাইনম্যানদের বেতন দিতে পারি না। তাই ২০ টাকা করে চাঁদা তোলা হয় কিন্তু এর বেশি না। তিনি জানান, আমাদেরতো সিটি করপোরেশন থেকে বলা হয়েছিল জিমখানা অথবা এর আশপাশে একটি জায়গা করে দেবে ট্রাক রাখার জন্য কিন্তু এখনো তা দেওয়া হয়নি। তবে এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামূল হক জানান, পণ্য লোড-আনলোডের জন্য তো পঞ্চবটিতে একটি স্ট্যান্ডের ব্যবস্থা সিটি করপোরেশন করছে। কিন্তু যারা বলে নিতাইগঞ্জ এবং এর আশপাশে  ট্রাকস্ট্যান্ডের ব্যবস্থা করা হবে সেটা সত্য নয়, মিথ্যা কথা।