সাভার পরিচ্ছন্ন করার অভিযানে বিডি ক্লিন

 ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই, শুরুটা এখানেই শেষ করার দায়িত্বটা আপনার’—এই স্লোগানকে ধারণ করে অপরিচ্ছন্ন সাভারকে পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ জনগণসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা। দেশব্যাপী পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন বিডি ক্লিন-এর সাভার উপজেলা টিমের সদস্যরা গতকাল শুক্রবার সকালে সাভার পৌর এলাকার মুক্তির মোড় হতে থানা ঘাট পর্যন্ত রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরে সাভার পৌরসভা থেকে একটি ময়লাবাহী গাড়ি এসে তাদের সংগৃহীত ময়লা নিয়ে যায়।

বিডি ক্লিন সাভার উপজেলা টিমের আলামিন মৃধা জানান, আমাদের সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা সাভারের মুক্তির মোড় থেকে সাভার থানা ঘাট পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। সংগঠনের অধিকাংশ সদস্য বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী হওয়ায় আমরা প্রতি শুক্রবার আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। এর আগেও সাভার বাজার বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গেন্ডা বাজার ও উলাইল বাজারে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। সমাজের সর্বস্তরের লোকজনসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

এর আগে মুক্তির মোড় এলাকায় সংগঠনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান সাভার উপজেলা মহিলা পরিষদ সভাপতি পারভিন ইসলাম। তিনি বলেন, সাভারে যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ হুমকির মুখে। আমাদের সমাজে এসব সমস্যা সমাধানের যাদের উদ্যোগ নেওয়া দরকার তারা আসলে এগিয়ে আসছে না। তবে একদল শিক্ষার্থীর এরকম উদ্যোগে আমি বিস্মিত। কারণ এরাই পারবে আমাদের পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতে। পরিচ্ছন্ন অভিযানে অংশ নেওয়া ইশরাত জাহান বলেন, এই পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। এখান থেকেই আমরা নিজেদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষা পেলাম।