সোনারগাঁওয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ একজন আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদেশি সুটারগান, চার রাউন্ড গুলি ও দুইটি গুলির খোসাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কাঁচপুর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন নামে ঐ ব্যক্তিকে আটক করা হয়। মনির হোসেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মিরাজ মিয়ার ছেলে। সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাঁচপুর সোনাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঁচপুরের সোনাপুর এলাকার ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনকে (৩৫) অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।