আধুনিক বাংলা গানের এক অনন্য কণ্ঠস্বর খুরশীদ আলম। দশকের পর দশক ধরে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন এ শিল্পী। সংগীত সাধনার স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদকসহ অসংখ্য সম্মাননা। এবার তার অর্জনের খাতায় যুক্ত হলো আরেকটি নতুন পালক। আধুনিক ও চলচ্চিত্রের গানের এই কালজয়ী শিল্পীকে সম্মাননা জানাল সিটি ব্যাংক এনএ। গতকাল শুক্রবার বিকালে তাকে প্রদান করা হলো ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুরশীদ আলমের হাতে সম্মাননা স্মারক, সম্মাননার অর্থ ২ লাখ টাকার চেক এবং তার আঁকা প্রতিকৃতি তুলে দেন অতিথিরা। প্রতিকৃতি ও সম্মানীর চেক তুলে দেন শিশু একাডেমির চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং সিটি ব্যাংক এনএর সিটি কান্ট্রি অফিসার এন রাজাশেকারান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট গীতিকবি রফিকউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সিটি ব্যাংক এনএর ঊর্ধ্বতন কর্মকর্তা শামস জামান।
শেষে পরিবেশিত হয় খুরশীদ আলমের গাওয়া কিছু জনপ্রিয় গান। সেগুলো গেয়ে শোনান খুরশীদ আলম ও মুহিন খান। কয়েকটি গানের শিরোনাম ছিল ‘মাগো মা ওগো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, ‘এ আকাশকে সাক্ষী রেখে তোমাকে এত যে বেসেছি ভালো’, ‘ছবি যেন শুধু ছবি নয়’, ‘চুমকি চলেছে একা পথে সঙ্গী হতে দোষ কি তাতে’।