রাজধানীর পল্লবী ও দারুসসালাম থানা এলাকা থেকে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থেকে বিলকিস আক্তার (২৬) ও দারুসসালাম থেকে রাজু (৩০) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পল্লবী থানার এসআই কাওসার মাহমুদ জানান, মিরপুরের ১২ নম্বর সেকশনের একটি টিনশেড বাড়িতে বিলকিস তার খালাতো বোনের সঙ্গে থাকতেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসের পোশাক শ্রমিক। গতকাল সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে ঐ টিনশেড ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিলকিসের ঝুলন্ত লাশ উদ্ধার করে। জানা গেছে, বিলকিসের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা এলাকায়। স্বামীর সঙ্গে তার তালাক হয়েছিল।
দারুসসালাম থানার ওসি আসলাম উদ্দিন জানান, দারুসসালাম টাওয়ারের পেছনে ১৯ নম্বর বাড়ির চারতলার ছাদের ওপরে একটি রুমের দরজা ভেঙে রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রাজু রাজশাহীর পবা উপজেলার এনামুল হকের সন্তান। তার পরিবারের কাছ থেকে পুলিশ জেনেছে তিনি বনানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। তার একাধিক স্ত্রী রয়েছে।
ওসি আরো বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সঙ্গে লাশটি ঝুলছিল। লাশটি এতটাই পচা ছিল যে মনে হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। সিআইডি ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।