পেঁয়াজের মূল্যবৃদ্ধির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের বিরুদ্ধে বাসদ, সূত্রাপুর থানা শাখার বিক্ষোভ সমাবেশে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা, বাধা দেওয়া ও ব্যানার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ভিক্টোরিয়া পার্ক এলাকায় এই ঘটনা ঘটে।
বাসদ সূত্রাপুর থানা শাখার সদস্য সচিব কমরেড উত্তম দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ কর্মীরা অতর্কিত এসে হামলা চালায়।
এসময় ঘটনার ভিডিও করার সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা মরিয়মের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এখন পর্যন্ত ফোন ফিরিয়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন সুস্মিতা।
উত্তম দাশ বলেন, গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচিতে এরকম হামলা প্রশাসনের ন্যাক্কারজনক আচরণ। সরকারকে তোশন করে তল্পিবাহকের ভূমিকায় অবতীর্ণ হবার এ ঘটনা লজ্জাজনক।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা মানববন্ধন করতে চাইলে ছাত্রলীগ ও পুলিশ আমাদের বাধা দেয়। ঘটনার ভিডিও করতে চাইলে পুলিশ একজনের মোবাইলও কেড়ে নেয়।
আরও পড়ুন: ভারত মুক্তিযুদ্ধের সময় পাশে ছিল তা ভুলিনি: প্রধানমন্ত্রী
এবিষয়ে জানতে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদের ফোনে সংযোগ করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/কেকে