তাইজুলের অসাধারণ ক্যাচে ফিরলেন কোহলি

কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে লিড বাড়াচ্ছে ভারত। ইতিমধ্যে তারা ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে। ২০৩ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। দ্রুত তারা লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে।

 

বিরাট কোহলিকে ফেরাতে প্রয়োজন ছিল হয়তো বিশেষ কিছু। তেমন কিছুই উপহার দিলেন তাইজুল ইসলাম। ইবাদত হোসেনের বলটি কোহলি ফ্লিক করেছিলেন, টাইমিং হয়েছিল দুর্দান্ত। ডিপ স্কয়ার লেগ দিয়ে বল উড়ে যাচ্ছিল সীমানার দিকে। তাইজুল ছুটে এসে বলের একটু সামনে চলে এসেছিলেন। এরপর ডানদিকে নিজেকে পুরো শূন্যে ভাসিয়ে শরীরের পেছনে চলে যাওয়া বল জমিয়েছেন হাতে।

 

কোহলি ১৯৪ বলে ১৮ চারে করেন ১৩৬ রান। অধিনায়কের বিদায়ের সময় ভারতের রান ৬ উইকেটে ৩০৮ রান। ঋদ্ধিমান সাহার সঙ্গে যোগ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

 

 

এর আগে লাঞ্চ বিরতির পর দ্বিতীয় বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন আবু জায়েদ রাহী। ডানহাতি পেসার ফিরিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজাকে। রাউন্ড দ্য উইকেটে রাহীর ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। বল আঘাত করে অফ স্টাম্পে।

 

আগের টেস্টে শূন্য রানে আউট হয়েছিলেন। বিরাট কোহলি এবার সেটি পুষিয়ে নিলেন, করলেন সেঞ্চুরিই। তাইজুল ইসলামের বলে ডাবল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন ভারত অধিনায়ক। এটি কোহলির ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি, যার ২০টিই করলেন অধিনায়ক হিসেবে।

 

এদিকে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার শেষ ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম। ফিফটির পর ফিরে গেছেন অজিঙ্কা রাহানে। অফ স্টাম্পের বাইরে বাঁহাতি স্পিনারের স্লোয়ার ও শর্ট বল কাট করতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ঠিকমতো ব্যাটে লাগেনি। সহজ ক্যাচ উঠে যায় পয়েন্টে। বল হাতে জমাতে ভুল করেননি ইবাদত হোসেন।

 

আরো পড়ুন : নেত্রীর শুদ্ধি অভিযান আপনারা সফল করবেন : যুবলীগকে ওবায়দুল কাদের

 

দিবা-রাত্রির টেস্টের গোলাপি বলে ভারতের বিপক্ষে টেস্টের প্রথম দিন ৩০ দশমিক ৩ ওভার ব্যাট করে মাত্র ১০৬ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশী ব্যাটসম্যানদের ব্যর্থতা ও নিজ বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে প্রথম দিনই ব্যাট হাতে নামার সুযোগ পায় ভারত। দিন শেষে ৩ উইকেটে ১৭৪ রান করে টিম ইন্ডিয়া।

 

ইত্তেফাক/ইউবি