দেশে প্রতিনিয়ত মানুষ খুন-গুম হচ্ছে: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। সাড়া দেশে বিএনপির সাড়ে ৫শ নেতাকর্মী গুম হয়েছে। হত্যা করা হয়েছে অসংখ্য নেতা-কর্মীকে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।  মিথ্যা মামলায় জেলে আছেন শত শত নেতাকর্মী। দেশে বিচার ব্যবস্থা ভেঙ্গে পরেছে। কে কখন খুন হবে, গুম হবে তা কেউ বলতে পারছে না।

শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। 

বরকত উল্লাহ বুলু  বলেন, ২০ মাস ধরে আন্দোলন সংগ্রাম করেও বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারছি না। দেশের মানুষ আর আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশের সাড়ে ৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যাংক ও শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এর হিসাব জনগণকে দিতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি দেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে, কৃষি, শিল্প কলকারখানায় বিপ্লব ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে দেশে শত শত  পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 

ইত্তেফাক/জেডএইচ