বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাদের সরকার বলে মানবার দরকার নাই। যারা চাকরি করেন, তারা সরকার মানতে পারেন। কিন্তু জনগণ মানে না।’
শনিবার দুপুরে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, চাকরিজীবীরা চাকরি করুন, জনগণের মুখোমুখি হবেন না। বিএনপির গায়ে আঘাত করবেন না। আমরা দীর্ঘকাল আঘাত সহ্য করব, মার খাব- এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেই নি। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, মামলা যত পারেন দেন, মামলার ভয় করি না।
তিনি বলেন, এখন এক দফা এক দাবি, শেখ হাসিনার পতন। এই অবৈধ সরকারের পতন হলেই গণতন্ত্র মুক্তি পাবে। গণতন্ত্র মুক্তি পেলে বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এখন থেকে সভা, সমাবেশ, মিছিল-মিটিং করতে কারো অনুমতি নেওয়া হবে না। বাধা দিলেই ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: ‘গরু’ বাঁচাতে গিয়ে বাস উল্টে ১২ জনের প্রাণহানি
তিনি আরও বলেন, আমাদের আন্দোলন করতে হবে এবং মনে রাখতে হবে, প্রশাসনের অনুমতি নিয়ে, একটু দরকষাকষি করে, রাস্তায় না অফিসের বারান্দায়, এটা পরিহার করতে হবে। আমাদের সাংবিধানিক অধিকার- সভা-সমাবেশ করব। অন্যায়ের প্রতিবাদ করব। রাজপথ সরকারকে ইজারা দেয়া হয়নি। এর পর থেকে আর সরকারের অনুমতির প্রয়োজন নাই। সরকারের অনুমতি নিয়ে কখনও আন্দোলন হয় না।
রাজশাহী মহানগর সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার আহবায়ক আবু সাঈদ চাঁদ ও সহিদুন্নাহার কাজি হেনা, জেলার আহবায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার। এতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ