অবৈধ ঘুষ অবৈধ...
আবুল হোসেন পণ করেছে—ঘুষ খাবে না আর,
যেকোনো ফাইল ঘুষ না নিয়ে দিচ্ছে করে পার।
আগের মতন বিবির দাবি করছে না সে পূরণ,
বিবির মুখেই তাই ফোটে না হাসিরও বিচ্ছুরণ।
সেদিন কোনো অবসরেই—বোঝায় স্বামীকে সে,
‘নিজের ভালো না বুঝলে যে মরবে ধুঁকে শেষে!
তুমি কি সব চাচ্ছ নাকি? কেউ যদি দেয়- নেবে,
টাকা মানেই কী বড় ধন ক্যান তা ঠেলে দেবে?’
আবুল আবার অবৈধ কাজ—করল শুরু যেই,
বুঝল বিবি আবুল তো আর বিবির মাঝে নেই।
স্বামীর ফোনে মেসেজ দেখে আবুল বিবি-বানু,
কত্ত রকম প্রেমের কথা পাঠিয়েছে কোন জানু!
আবুলকে তাই জিগায় বিবি ‘বউকে ঘরে রেখে,
অবৈধ প্রেম করছ এসব মানতে পারি দেখে?’
হাসছে আবুল ‘অবৈধ ঘুষ তোমার লাগে ভালো,
আমার সে অবৈধ প্রেমে মুখ কর ক্যান কালো?’
খায় না মশা ঘুষ
ড্রোন এবং কামান
মশাই, ওসব থামান
আজ ডিজিটাল যুগে বলি
অন্যকিছু নামান।
এবার স্যাটেলাইট
করবে তবে ফাইট
কার সাথে?
রক্ত-চোষক ঘাতক মশক
তার সাথে!
এসব শুনেই মশা
কয় ‘মানুষের দশা
খুব বাজে,
ওদের সাথে থাকলে কেহ
ডুববা যে!’
ভূতের প্রশ্ন ‘ক্যান?’
দেয় মশারা জ্ঞান
‘মানুষকে কামড়াব কারণ
ঘুষ ওনারাই নেন।’