ফুলবাড়ীয়া পৌরসভা

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় যত্রতত্রভাবে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে। ময়লা ফেলে নদী ভরাটেরও অভিযোগ উঠেছে। ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল টপকে ময়লার দুর্গন্ধ এখন বিদ্যালয়ে প্রবেশ করেছে। অতিষ্ঠ পথচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ফুলবাড়ীয়া পৌরসভার পুরাতন গরুহাটার আবাসিক এলাকার হিন্দুদের শ্মশান ঘাটের নিকটবর্তী স্থান আখিলা নদীর তীর ভরাট করা হচ্ছে বাজারের ময়লা ফেলে। দীর্ঘদিন ধরে ময়লা ফেলে তা ভাগাড়ে পরিণত করায় দুর্গন্ধে আবাসিক এলাকার মানুষ এখন অতিষ্ঠ। পাইলট উচ্চ বিদ্যালয় সড়কের পাশে ময়লা ফেলে জমি ভরাট করা হচ্ছে। ময়লার ভাগাড়টি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল টপকে দুর্গন্ধ এখন বিদ্যালয়ে প্রবেশ করেছে। শিক্ষক-শিক্ষার্থীরা ময়লার দুর্গন্ধে এখন অতিষ্ঠ। প্রতিদিন সকালে ময়লার ভাগাড়ে কুকুর কাকসহ অন্যান্য প্রাণি উচ্ছিষ্ট টানাটানি করে দুর্গন্ধের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এ সড়ক দিয়ে সরকারি ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী ও পৌরবাসী যাতায়াত করে থাকে।

ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রুহুল আমীন জানান, প্রথম যখন ময়লা ফেলা হয় দুর্গন্ধে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বের হয়ে গিয়েছিল। পরে ময়লাগুলো মাটি চাপা দেওয়া হয়। এখন আবার ফেলা হচ্ছে।

ফুলবাড়ীয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনা আকতার জানান, দুর্গন্ধ দেয়াল টপকে ভিতরে আসে। সঙ্গেই উচ্চ বিদ্যালয়, তারা বিষয়টি নিয়ে কথা বলেছে শুনেছি।

ফুলবাড়ীয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া জানান, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য কোনো ভাগাড় নেই (ডাম্পিং স্পট)। আমরা খাস জমি খুঁজছি ভাগাড় করার জন্য। নদী ভরাটের বিষয়ে তিনি বলেন, এখন থেকে নদীর তীরবর্তী স্থানে ময়লা আবর্জনা ফেলা হবে না।