রংপুরে কলেজছাত্রীকে অপহরণের সময় সাত জন আটক

রংপুরে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক কলেজছাত্রীকে অপহরণের সময় শুক্রবার সন্ধ্যায় সাত জনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ হারাগাছ থানার ওসি এ কে এম নাজমুল কাদের জানান, কলেজছাত্রীর সঙ্গে দুবছর আগে  প্রেমের সম্পর্ক ছিন্ন হয়। কিছুদিন আগে বিয়ের প্রস্তাব পাঠালে মেয়ের পরিবার এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় প্রেমিক আসাদুজ্জামান শুভ। এর জেরে ঐদিন প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় শুভসহ সাত জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহম্মেদ।