একটি পরিবহনের টিকিট বিক্রির কাউন্টারের টিভি চুরিকে কেন্দ্র করে কালিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পুুরুলিয়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নড়াইল-কালিয়া সড়কের পুরুলিয়া মোড়ে দিগন্ত পরিবহনের টিকিট কাউন্টার থেকে ১৫ দিন আগে একটি টিভি চুরি হয়। কাউন্টার ম্যানেজার পুরুলিয়া গ্রামের সর্প শেখ তার কাউন্টারের টিভি চুরির ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি করলে তার ভাই সোহরাব শেখ ও চাচাতো ভাই আনিস শেখের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। সর্প শেখ ঘটনাটি স্থানীয় দলনেতা পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের কুবাদ মোল্যাকে জানালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। কালিয়া থানার পরিদর্শক(তদন্ত) ইকরাম হোসেন বলেছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।