আজ রবিবার স্থানীয় আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলনকে ঘিরে শহরে উত্সবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ সাত বছর পর হতে যাওয়া সম্মেলনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উত্সাহ-উদ্দীপনা। দলীয় অফিসে এতদিন নেতাকর্মীদের উপস্থিতি কম দেখা গেলেও সাম্প্রতিক সময়ে সক্রিয় নেতাকর্মীদের তত্পরতায় প্রাণ ফিরে পেয়েছে খাগড়াছড়ি কলেজ রোডের নবনির্মিত দলীয় কার্যালয়। গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশীদের অনেকেই ইতিমধ্যে বিভাগীয় ও কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ লাভের আশায় জোর লবিং করে জেলা শহরে ফিরলেও কাউন্সিলরদের মন জয়ের চেষ্টায় রাতদিন প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।
জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে সব জায়গায়।