তাইজুলের ‘বিরাট’ ক্যাচ

ইডেন গার্ডেনসে গতকাল বিরাট কোহলি আউট হয়েছেন এবাদত হোসেনের বলে। তবে কোহলির বিদায়ে বোলার এবাদতের চেয়ে ফিল্ডার তাইজুল ইসলামের অবদানই কার্যত বেশি। শূন্যে ভেসে ডিপ স্কয়ার লেগে ‘বিরাট’ দর্শনীয় ক্যাচ ধরেন তাইজুল। এবাদতের বলটা খুবই বাজে ছিল। ওভারপিচড বলে পুল করেন কোহলি। বলটাও সীমানা অতিক্রম করছিল বলেই মনে হয়েছে। বাউন্ডারির বেশ খানিকটা ভেতরে থাকা তাইজুল বল দেখেই শূন্যে লাফ দেন। তখনই বল তার বাঁহাতে আটকে যায়। মাটিতে পড়লেও বলটা হাতছাড়া হয়নি তাইজুলের।

আকস্মিক আউট হয়ে, তাইজুলের উড়ন্ত ক্যাচ দেখে একচিলতে হাসি খেলে গেছে কোহলির মুখেও। অবশ্য ফেরার সময় এবাদতের চিরাচরিত ‘স্যালুট’ও পেয়েছেন কোহলি।