নেপালে এসএ গেমস ২০১৯

টার্গেট নেই প্রত্যাশা বেশি

দক্ষিণ এশিয়ার সেরা ক্রীড়া লড়াই সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) ১-১০ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পোখারায় অনুষ্ঠিত হবে। সেখানে ৫৯৫ জনের বাংলাদেশ হতে একটি বহর যাবে। যার মধ্যে ২৬৩ পুরুষ ক্রীড়াবিদ এবং ১৯৯ নারী ক্রীড়াবিদ রয়েছেন। ২৫টি খেলায় বাংলাদেশ অংশগ্রহণ করবে। তবে এই গেমসে বাংলাদেশের নির্ধারিত কোনো টার্গেট নেই। কয়টি পদক জয় করতে পারবে বাংলাদেশ সেটা নির্ধারণ করতে পারেনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ক্রীড়াবিদদের নিয়ে পরিষ্কার করে স্বর্ণ পদকের কথা বলতে পারেননি। তিনি বলেছেন, ‘কয়টি পদক জিতব টার্গেট নাই, তবে প্রত্যাশা আছে।’ টার্গেট নেই কেন ? বিওএর কর্মকর্তারা মনে করছেন ক্রীড়াবিদদের চাপে ফেলে পদক জয়ের কথা বলা ঠিক হবে না। শাহেদ রেজা বললেন, ‘আমরা যে কোনো খেলায় পদক জয় করতে পারি। কোনো খেলায় একাধিক স্বর্ণ পদকও জয় করতে পারি। আমরা নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না।’

কয়টি পদক জয় করতে পারে বাংলাদেশ এই প্রশ্ন নিয়ে গতকাল বিওএর সম্মেলন কক্ষে সংবাদমাধ্যম হতে ঘুরে ফিরে প্রশ্নটা উঠল। কিন্তু বিওএ স্বর্ণ পদকের সংখ্যাটা উল্লেখ করতে রাজি না। স্বর্ণ পদক সংখ্যাটা খুব বড়ো কিছু মনে করছেন না তারা। ২০১০ ঢাকা এসএ গেমসে বাংলাদেশ ১৮টি স্বর্ণ পদক জয় করল। গৌহাটিতে গিয়ে বাংলাদেশ স্বর্ণ জয় করল মাত্র ৪টি। প্রশ্ন হচ্ছে ২০১৯ সালে যদি ১৮টি স্বর্ণ পদক জয় করতে পারে তাহলে পরের গেমসগুলোতে বাংলাদেশের অবস্থান তলানিতে যাবে কেন। এত দিনেও পদক নিয়ে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ হলো না।

তবে বিওএর মহাসচিব শাহেদ রেজা একটা মূল্যবান কথাই বলেছেন, ‘ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভারোত্তোলন, শুটিং, আরচারীসহ অনেক খেলা রয়েছে যেখানে আমরা পদক জয় করতে পারি। আবার এমন খেলাও রয়েছে আমি এই প্রেস কনফারেন্সে উল্লেখ করতে পারলাম না। দেখা গেল সেই খেলাটিই স্বর্ণ পদক জয় করেছে।’ শাহেদ রেজা বললেন, ‘দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ না দিতে পারলে শুধুমাত্র গেমস আসলে প্রশিক্ষণ দিলাম। সকালে ঘুম থেকে উঠিয়ে বললাম খেলতে হবে, এভাবে পদক জয় হয় না।’

 গেমস নিয়ে একটা ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। এসএ গেমসের শক্তিশালী দেশ হচ্ছে ভারত। সেই ভারত আসবে কি না তা নিয়ে প্রশ্ন উঠলে ভারত নিয়ে কথা বলতে রাজি না বিওএ। শাহেদ রেজা বললেন, ‘ভারত আসবে কি না, পাকিস্তান খেলবে কি না তা নিয়ে আমরা যাচ্ছি না। আমরা সবার বিপক্ষেই খেলতে প্রস্তুতি আছি।’

এসএ গেমসে খেলতে এরই মধ্যে সাঁতার ও সাইক্লিং নেপালে চলে গেছে। কাবাডি দল দিল্লিতে প্রশিক্ষণ নিয়ে নেপালে যাবে। আরচারী দল থাইল্যান্ডে থাকলেও তারা ঢাকায় ফিরে নেপালে যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয় এসএ গেমসের বাজেট ৩০ কোটি টাকা। সাড়ে ১৯ কোটি টাকা প্রশিক্ষণ ব্যয়, সাড়ে ১০ কোটি টাকা গেমসে অংশগ্রহণ খরচ। সরকারের কাছ থেকে বিওএ পেয়েছে ১৫ কোটি টাকা। গেমসের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর, মার্চপাস্টে জাতীয় পতাকা বহন করবেন গত গেমসের ৪ স্বর্ণের মধ্যে দুটি স্বর্ণ জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা।