প্রথম সার্ক দাবা শুরু আজ

আসছেন বিশ্ব দাবার তারকা নাইজেল শর্ট

প্রথমাবরের মতো বাংলাদেশের আজ শুরু হতে যাচ্ছে সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ। ভারত, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান সার্ক দাবায় অংশগ্রহণ করবে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ছাড়া বাকি চার গ্র্যান্ডমাস্টার সার্ক দাবায় অংশগ্রহণ করবেন। এছাড়ও আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টারসহ শতাধিক দাবাড়ু অংশগ্রহণ করছেন ২৪ নভেম্বর হতে ৪ ডিসেম্বর পর্যন্ত হতে যাওয়া সার্ক দাবায়। সংবাদ সম্মেলনে কথা বলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। তিনি বলেন, ‘ভারতের ৬৫ জন জন গ্র্যান্ডমাস্টার। এক জনও আনা গেল না।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম বলেন, ‘আমরা সার্ক টুর্নামেন্টের আয়োজন কয়েকদিন আগেই পেয়েছি। আরো সময় নিয়ে আয়োজন করতে পারলে জিএম আনা যাবে।’

বিশ্ব দাবা সংস্থার তত্ত্বাবধায়নে ঢাকায় পুরানা পল্টনস্থ হোটেল ফার্সে এ খেলা অনুষ্ঠিত হবে। সার্ক দাবা নিয়ে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান র্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল শাফী উল্লাহ বুলবুল। তিনি বলেন, ‘খেলাধুলা একটা জাতির যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে।  প্রধানমন্ত্রী বলেছেন, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে খারাপ কাজ মাদক, সন্ত্রাস, উগ্রবাদ থেকে আমরা বিরত রাখতে পারব। আমাদের বিশাল যুব সমাজকে ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে চেষ্টা করছি আমরা।’ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘খেলাধুলার আয়োজন করাটা বেশ কমপ্লিকেটেড একটা জিনিস। আন্তর্জাতিক খেলাধুলা আয়োজনে অন্য দেশের স্পন্সররা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে আমাদের দেশে অনেক কাঠখড় পোড়াতে হয়। আমাদের দেশের করপোরেট সেক্টর তার লাভের অংশ এ ধরনের কাজে ব্যয় করতে খু্ব একটা উত্সাহ দেখান না। আমরা হয়তো তাদের মোটিভেটেড করতে পারি না। স্পন্সরদের উদ্বুদ্ধ হতে হবে যে, একটা দেশের ইমেজ বাড়লে এবং যুব সমাজ যদি দক্ষ হয় তাদের মার্কেট ক্যাপাসিটি বাড়ে। শুধু প্রফিটটা চিন্তা করলে হবে না।’ এই কর্মকর্তা দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানিয়েছেন।

আসছেন নাইজেল শর্ট

ঢাকায় ২৯ নভেম্বর সার্ক দাবা কংগ্রেস হবে। সার্ক দাবা ফেডারেশন গঠিত হবে। ২৮ নভেম্বর বাংলাদেশে আসছেন বিশ্ব দাবার সুপার গ্র্যান্ডমাস্টার ও বিশ্ব দাবার সাবেক রানার্সআপ এবং বিশ্ব দাবা সংস্থার সহসভাপতি নাইজেল শর্ট। এই ইংলিশ সাবেক দাবাড়ু সার্ক দাবা উপলক্ষ্যে আসলেও তিনি বাচ্চাদের সঙ্গে খেলবেন, প্রশিক্ষণ দেবেন।