বিচার হয়নি সাত বছরেও

বহুল আলোচিত সাভারের নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশন্স অগ্নিকাণ্ডের সাত বছর আজ। ভয়াবহ ঐ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন। আহতের সংখ্যা আরো অনেক বেশি। ঐ ঘটনায় প্রকৃত অপরাধী কে বা কারা কিংবা কার কতটুকু দায়—তা আজো নিশ্চিত হওয়া যায়নি। নিম্ন আদালতে ঐ মামলার বিচারকাজ সাত বছরেও শেষ হয়নি। সূত্র জানিয়েছে, এখনো তাজরীনের ঘটনায় করা মামলায় সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণও শেষ করা সম্ভব হয়নি। তাজরীনের মালিক দেলোয়ার হোসেন ছয় মাস জেলে থাকার পর তিনি এখন জামিনে মুক্ত। তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাও জামিনে রয়েছেন।

সাত বছরেও তাজরীনের বিচারকাজ শেষ না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতা ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন ইত্তেফাককে বলেন, মামলাটি দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তেমন আগ্রহ নেই। বরং সময়ক্ষেপণ করার অভিযোগ তুলেছেন তিনি। একইভাবে এই মামলা দ্রুত শেষ করতে শ্রমিক পক্ষগুলোও কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মনে করছেন তিনি।

জানা গেছে, শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্টরা প্রতি বছর তাজরীনের বর্ষপূর্তিতে নিহতদের কবরে ফুল দেওয়া, মানববন্ধন ও শ্রমিক সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। দ্রুত মামলা শেষ করার বিষয়ে বছরব্যাপী কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।

শ্রমিকরা জানিয়েছেন, ঐ দুর্ঘটনার ছয় বছর পরও গুরুতর আহতদের বেশিরভাগই দীর্ঘ মেয়াদি চিকিত্সা সেবা পাননি। ফলে শারীরিক জটিলতায় তারা এখন আর গার্মেন্টস কারখানায় কাজ করতে পারেন না। এদের মধ্যে আবার একটি অংশ ক্ষতিপূরণ কিংবা বিদেশি প্রতিষ্ঠান কর্তৃক সহায়তার অর্থও পাননি বলে অভিযোগ রয়েছে।

রানা প্লাজা ও তাজরীনে আহতদের চিকিত্সা ট্রাস্ট ফান্ড নামে বেসরকারিভাবে একটি কার্যক্রম চলমান রয়েছে। সূত্র জানায়, আহতদের মধ্যে ১৭২ জন এই ট্রাস্টে তালিকাভুক্ত বলে জানা গেছে। এর বাইরে আরো ৫০ এর অধিক ঐ ঘটনায় আহত হিসেবে তালিকাভুক্তির আবেদন করেছেন। তবে তহবিলের অভাবে পুরোদমে চিকিত্সা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে তাজরীন অগ্নিকাণ্ডের ছয় বছর পূর্তি উপলক্ষ্যে শ্রমিক সংগঠনগুলো সাভারের নিশ্চিন্তপুরে শ্রমিক সমাবেশ ছাড়াও রাজধানীর প্রেসক্লাসে সমাবেশ, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া জুরাইন কবরস্থানেও নিহত শ্রমিকদের স্মরণে অনুষ্ঠান করা হবে।