চট্টগ্রামে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানসহ ১৫ সদস্য আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহিরর উলাইয়াহ বাংলাদেশ এর চট্টগ্রামের আঞ্চলিক প্রধানসহ ১৫ জন সদস্যকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৩ জনকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় একটি বাসায় বৈঠকরত অবস্থায় ও ২ জনকে বায়েজিদ এলাকার অপর একটি বাসা থেকে আটক করা হয়।

এ ব্যাপারে গতকাল শনিবার দামপাড়ায় সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম বলেন, আটক হওয়া জঙ্গিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছ থেকে সংগঠনের ২ লাখ ৮২ হাজার টাকা, হিযবুত তাহিররের তথ্যসহ দুইটি ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস, একটি মোটর সাইকেল, সংগঠনটির প্রচারপত্র, গঠনতন্ত্র, ট্রেনিং ম্যানুয়েল উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- সংগঠনের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), মো. ইমতিয়াজ ইসমাইল (২৫), মো. নাছির উদ্দিন চৌধুরী (২২), মোহাম্মদ নাজমুল হুদা (২৭), মো. লোকমান গণি (২৯), মো. করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান প্রকাশ রানা (২০), মো. আরিফুল ইসলাম (২০), মো. আজিম উদ্দিন (৩১), ফারহান বিন ফরিদ প্রকাশ রাফি (২৩), মো. আজিমুল হুদা (২৪), ওয়ালিদ ইবনে নাজিম (১৫) ও মো. সম্রাট (২২)।

আমেনা বেগম বলেন, শিক্ষকতার আড়ালে জঙ্গি সংগঠনের নেতৃত্ব দেওয়া শিক্ষকের মাধ্যমে তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে। আটককৃতদের মধ্যে এরশাদুল চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের শিক্ষক। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী এলাকার আবুল কাশেমের পুত্র। তিনি মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে তাদের সংগঠনে অন্তর্ভুক্ত করতেন।