তৈরি পোশাক রপ্তানিতে চীনের পর এখন ভিয়েতনাম বাংলাদেশের বড়ো প্রতিদ্বন্দ্বী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভিয়েতনামকে মোকাবিলা করতে ব্যবসা-বাণিজ্য সহজ ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার। ২০২৪ সালে দেশ এলডিসি থেকে বেরিয়ে যাবে। তখন অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সে জন্য বিভিন্ন দেশের সাথে এফটিএ স্বাক্ষরের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, ভুটান, ইন্দোনেশিয়ার সঙ্গে এফটিএ স্বাক্ষরের জন্য আলোচনা অব্যাহত রয়েছে। দেশের কর্মক্ষম যুবশক্তির প্রায় অর্ধেক নারী উল্লেখ করে তিনি বলেন, এ বিপুল পরিমাণ নারী জনশক্তিকে পিছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। দেশে নারীদের ব্যবসার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুঁইয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।