পুরান ঢাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল পুরান ঢাকার দয়াগঞ্জ, ধোলাইখাল, সূত্রাপুর এলাকায় এসব প্রকল্পের আওতায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক, নবসজ্জিত সূত্রাপুর কমিউনিটি সেন্টার, ডিস্টিলারি রোডের পাইপ, নর্দমা নির্মাণসহ রাস্তা ও ফুটপাতের সমাপ্তকৃত কাজ উদ্ধোধন করেন। এছাড়া এই প্রকল্পের আওতায় দয়াগঞ্জ চৌরাস্তা হতে বানিয়ানগর মোড় হয়ে ধোলাইখাল ও সূত্রাপুর থানা পর্যন্ত রাস্তা, ফুটপাত ও মিডিয়ানের সমাপ্তকৃত কাজও উদ্বোধন করা হয়। উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে উন্নয়নকৃত সূত্রাপুর কমিউনিটি সেন্টারে শীতাতপ নিয়ন্ত্রিত হলরুম, কার পার্কিং, বৈদ্যুতিক সাব স্টেশন, জেনারেটর, গেস্টরুমসহ নানা সুবিধা যোগ করা হয়। এছাড়া ১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সাঈদ খোকন পার্কে ওয়াকওয়ে, ফুটপাত, ড্রেনেজ সুবিধা, কফি শপ ইত্যাদি সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, আজ এসব স্থাপনার উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত বিভিন্ন দাবি পূরণ করা হলো। করপোরেশনের পক্ষ থেকে চলমান আরো যেসব উন্নয়ন কার্যক্রম রয়েছে, সেগুলোও অতি অল্প সময়ের মধ্যে নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনু, আবদুল কাদের, আবদুস শাহেদ মন্টু, প্রধান প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।