সাভারের আশুলিয়ায় তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাত বছর পূর্তি উপলক্ষ্যে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছেন আহত শ্রমিক ও নিহতের স্বজন এবং শ্রমিক সংগঠন। গতকাল শনিবার সন্ধ্যায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), সাভার-আশুলিয়া কমিটির উদ্যোগে তাজরীন গার্মেন্টসের সামনে এই মোমবাতি প্রজ্বালন করা হয়।
এ সময় নিহতদের স্মরণে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে তাজরীন এলাকা। এছাড়া নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। শ্রমিক নেতৃবৃন্দ বলেন, তাজরীন, রানা প্লাজাসহ সারাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আইএলও কনভেনশন ২১২ এবং মারাত্মক দুর্ঘটনা আইন, ১৮৫৫-এর ভিত্তিতে শ্রমিকদের সারা জীবনের ক্ষতি ও বিভিন্ন দুর্ঘটনায় আদালতের আদেশপত্র, ক্ষতিপূরণের বিবেচনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া একটি জাতীয় মানদণ্ড তৈরি এবং আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিত্সা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানান নেতৃবৃন্দ।
২০১২ সালের আজকের এই দিনে সাভারের নিশ্চিন্তপুর এলাকার পোশাক কারখানাটিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিচতলার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। পোশাক খাতে স্মরণকালের এই ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় দগ্ধ হয়ে নিহত হন ১১৩ জন শ্রমিক। আগুন থেকে বাঁচতে কারখানার বিভিন্ন দিক থেকে লাফিয়ে পড়ে এবং অগ্নিদগ্ধ হয়ে আহত হন আরো পাঁচ শতাধিক শ্রমিক। এদিকে আজ রবিবার তাজরীন গার্মেন্টসের সামনে নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক, বিভিন্ন শ্রমিক সংগঠনসহ সাধারণ মানুষ।