পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর চট্টগ্রামে পণ্য পরিবহন স্বাভাবিক হয়ে এসেছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ছেড়ে গেছে। এছাড়া চট্টগ্রাম থেকে বিভিন্ন আন্তঃজেলা বাস চলাচলও স্বাভাবিক ছিল। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানের চলাচলে মুখর ছিল। নগরীর গণপরিবহন চলাচলও স্বাভাবিক ছিল। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরের জেটিগুলোতে কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। আমদানি পণ্যবাহী কনটেইনার নিয়ে যানবাহন বন্দর ছেড়ে যাচ্ছে। পাশাপাশি রপ্তানি পণ্যবাহী যানবাহনও বন্দরে আসছে।
এদিকে, দামপাড়াসহ বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায় ধর্মঘট প্রত্যাহারের পর বুধবার রাত থেকেই ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে। সকালেও বাস চলাচল স্বাভাবিক ছিল। উল্লেখ্য, সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘটে বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। ধর্মঘট পালনকারী শ্রমিকরা নগরীর বিভিন্ন প্রবেশপথে গণপরিবহন ও ব্যক্তিগত যান চলাচলেও বাধা দেন। এর পাশাপাশি ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও বন্দর থেকে পণ্য নিয়ে কোনো গাড়ি সেদিন ছাড়েনি।