সাব্বিরের মিউজিক ভিডিওতে সাফা কবির

সংগীতশিল্পী সাব্বির নাসিরের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবির। প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করছেন অমিতাভ রেজা। গানটির শিরোনাম ‘হর্ষ’। গানটি লিখেছেন রাজিব হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমি।

শনিবার এফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে। শিল্পী সাব্বির নাসির বলেন, ‘অমিতাভ রেজা প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন। সেটি আমার গানের ভিডিও দিয়ে। গানটি করে অমিতাভ রেজাকে যখন পাঠাই তখন সে জানান গানটি তার ভালো লেগেছে। এরপরই প্রস্তাব দিই গানটির ভিডিও নির্মাণের। পরে ভালোলাগা থেকেই ভিডিও নির্মাণে আসা তার। আশা করছি দারুণ একটি কাজ হবে। দর্শক-শ্রোতারা মুগ্ধ হবেন।’ ভিডিওটিতে মডেল হয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন সাফা কবিরও। গানটি শোনার পরই ভালোলাগা কাজ করেছে বলে মন্তব্য সাফার। সেইসঙ্গে অমিতাভ রেজার নির্মাণ। তাই সব মিলিয়ে ভিডিওটিতে পারফর্ম করা বলে জানান তিনি। গানটি প্রকাশ হবে গাংচিলের ইউটিউব চ্যানেলে।