শ্রীবরদী পৌর বাজারে এলোমেলো বৈদ্যুতিক খুঁটি, নিত্য যানজট

শ্রীবরদী পৌর শহরের মাঝখানে রাস্তার ওপর এলোমেলোভাবে বৈদ্যুতিক খুঁটির কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা। সড়কের দুই পাশে এলোমেলোভাবে বৈদ্যুতিক খুঁটির কারণে সড়কটি সংকুচিত হয়ে গেছে। খুঁটিগুলো না সরানোর কারণে সড়কে চলাচলযোগ্য অংশটুকুও ব্যবহার করা যাচ্ছে না। এনিয়ে নিত্য যাত্রী ও পথচারীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের সরকারি হাসপাতাল হতে কলেজ পর্যন্ত রাস্তার দুই পাশে ৪০টি বৈদ্যুতিক খুঁটি আছে যার অধিকাংশই এলোমেলোভাবে বসানো হয়েছে। যার কারণে সারাক্ষণ যানজট লেগেই থাকে। কলা হাটি ও পান হাটির কোনায় রাস্তা ঘেঁষে হেলানো অবস্থায় দুটি বৈদ্যুতিক খুঁটি বসানোর কারণে এখানেও সব সময় যানজট থাকে। শহরের ভিতরে ইজিবাইক, রিকশা-ভ্যান যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে। যা যানজটের আরেকটি কারণ। জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন বলেন, যদি জনদুর্ভোগের বিষয়টি বাস্তবায়নকারী কর্তৃপক্ষের মাথায় থাকত তাহলে তারা এলোমেলোভাবে খুঁটিগুলো না বসিয়ে পরিকল্পনা করে বসিয়ে যানবাহন চলাচলের জন্য পথ উন্মুক্ত করে দিত। তিনি বলেন, যানজটের বিষয়টি আমি আইনশৃঙ্খলা মিটিংয়েও বারবার আলোচনা করেছি। তাতে কোনো ফল হয়নি।

শ্রীবরদী আবাসিক প্রকৌশলী (বিদ্যুত্) সুশান্ত পাল বলেন, খুঁটিগুলো আগেই বসানো ছিল। আমি সরেজমিনে খুঁটিগুলো দেখে সোজা করে বসানোর ব্যবস্থা করব।