পীরগাছায় টিসিবির পেঁয়াজ ১ ঘণ্টায় শেষ!

পীরগাছায় রবিবার টিসিবির পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে। সকালে একটি পিকআপ ভ্যান রংপুর থেকে এসে উপজেলা সদরের বিভিন্ন স্থানে পেঁয়াজ বিক্রি শুরু করে। তবে বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যে পেঁয়াজ শেষ হয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। অনেক ক্রেতা আগ্রহ নিয়ে পেঁয়াজ কিনতে এসেও হতাশ হয়ে ফিরেছে।

উপজেলা সদরে পেঁয়াজ কিনতে আসা ভ্যানচালক সাইফুল ইসলাম বলেন, ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে আসলাম কিন্তু এসে দেখি ভ্যান চলে গেছে। এখন আর কি করার বেশি দামেই বাজার থেকে পেঁয়াজ কিনতে হবে। তবে টিসিবির ভ্রাম্যমাণ পিকআপ ভ্যান থেকে পেঁয়াজ কিনতে পেয়ে গৃহিণী মরিয়ম বেগম খুশি হয়েছেন। তিনি বলেন, দৌড়ে এসে সবার আগে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে পেরেছি। অনেক দিন পর ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনে ভালো লাগছে।

আব্দুস ছালাম নামে এক ক্রেতা বলেন, পীরগাছায় মাত্র একটি পিকআপ ভ্যানে টিসিবির পেঁয়াজ নিয়ে আসা হয়েছে। আরো বেশি স্থানে বিক্রির ব্যবস্থা করা হলে ক্রেতারা উপকৃত হবে।