জেলা প্রাণিসম্পদ বিভাগ

লোকবল সংকটে পশু চিকিত্সা ব্যাহত

মাদারীপুর জেলা প্রাণিসম্পদ বিভাগে বর্তমানে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক লোকবল না থাকায় বিভাগীয় কার্যক্রম ব্যাহতসহ গবাদিপশু চিকিত্সায় বিঘ্ন ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার চারটি উপজেলায় বর্তমানে ভেটেরিনারি সার্জনের তিনটি, উপজেলা পশুসম্পদ সহকারীর দুটি, ভিএফএর দুটি, ড্রেসারের তিনটি এবং অফিস সহকারীর চারটি পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় তৃণমূল পর্যায়ে পশু চিকিত্সা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক মাদারীপুরের রাজৈর, কালকিনি, সদর ও শিবচর উপজেলায় বর্তমানে ১৪ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকার কথা নিশ্চিত করে জানান, শূন্য পদে লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।