কটিয়াদীতে নারী হত্যা মামলায় এক জন গ্রেফতার

কটিয়াদীতে বিধবা নারীকে হত্যার ঘটনায়  আসামি কাজল মিয়াকে ঢাকার দোহার থানা থেকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ। রবিবার তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। কাজল মিয়া করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামের হোসেন আলীর ছেলে। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গরহাটি গ্রামের মৃত আরজ আলীর স্ত্রী হারেছা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পার্শ্ববর্তী পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশ পরদিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে বোরহান বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় অজ্ঞাতনামা চার-পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা নূর কাশেম বলেন, মোবাইল ফোনটি ট্র্যাক করে কাজল মিয়াকে গ্রেফতার করা হয়। কটিয়াদী থানার ওসি এম এ জলিল বলেন, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।