এসএসসি ও দাখিল পরীক্ষা

রামগঞ্জে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

রামগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় ২ হাজার পরীক্ষার্থী ও ৩১টি মাদ্রাসা থেকে প্রায় ১ হাজার ২০০ পরীক্ষার্থী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেবে। গত ৫ নভেম্বর থেকে তাদের ফরম পূরণ শুরু হয়েছে।

জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার এবার ফরম পূরণের জন্য বোর্ড ও কেন্দ্র খরচ বাবদ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১৮৫০ টাকা, বিজ্ঞান বিভাগে ১৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে বিলম্ব হলে আরো ১০০ টাকা যোগ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, রামগঞ্জের প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণের ফি ৪০০০ টাকা থেকে  ৪৫০০ টাকা ও মাদ্রাসাগুলোতে ২৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

ফরম পূরণের অতিরিক্ত টাকা যোগাড় করতে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের অভিভাবকদের হিমশিম খেতে হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবকরা ক্ষোভের কথা জানালেও শিক্ষকের মর্যাদার কথা বিবেচনা করে এবং ঝামেলার ভয়ে নাম প্রকাশ করতে চায় না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, বোর্ড ফি, কোচিং ফি, ফরম পূরণ সংক্রান্ত কাজে শিক্ষকদের শিক্ষা বোর্ডে যাতায়াত, প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ, মডেল টেস্ট, অনলাইনে ফরম পূরণের খরচসহ বিবিধ খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোকজন আলোচনাক্রমে ফি নির্ধারণ করেছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনাজির রশিদ বলেন, স্কুলে স্কুলে গিয়ে খবর নেওয়া সম্ভব নয়। তারপরও যদি কেউ অভিযোগ করে তাহলে খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীন জাহান জানান, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ নেই। যদি কেউ অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।