শিপিং করপোরেশন সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। শিপিং করপোরেশনের জাহাজ ক্রয়ের জন্য সরকার ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ দিয়ে শিপিং করপোরেশন চারটি জাহাজ ক্রয় করেছে। আগামী অর্থবছরে আরো ছয়টি জাহাজ ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি গতকাল রবিবার চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশন আয়োজিত ৪২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

 প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো চারটি জাহাজের উদ্বোধন করবেন। বাংলাদেশ শিপিং করপোরেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে, তাদের আয়-ব্যয়ের হিসাব অংশীজনদের কাছে এভাবে উপস্থাপন করে।

 বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ শিপিং করপোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর সাব্বির মাহমুদ প্রধান অতিথি ছিলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ হ ম আহসান ও বাংলাদেশ শিপিং করপোরেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।